অয়ন মণ্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অয়ন মণ্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১১ জুন, ২০১৮

" হেরে যাওয়া কেউ " - অয়ন মন্ডল


ভাবনারা পালাতে চাইছে দূরে নেই কোনো দায়বদ্ধতা; 
চিন্তাগুলো এলোমেলো দুঃস্পর্শ, 
একজোটে পালাবার পথে গুঞ্জনসম কিছু বাজছে মনে, পারছি না! 
হেরে যাওয়া মানুষ কি? 
অন্তরের জলদগম্ভীর কন্ঠ চিকিৎসায় ব্যস্ত আছে ওর দায়বদ্ধতা,
গুছিয়ে বলতে চাওয়া চাতক পাখি যেনো; 
হয়তো আমি কেউ, ফিরতে চাওয়া কেউ, 
ভাবনায় সুস্থ আমি,
সত্যি কি?! 
যেনো হেরে যাওয়া এক মানুষ ।
   

                                      - অয়ন মন্ডল

                                              © Copyright Protected

















শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

"ওরে ও ভাঙামন " - অয়ন মণ্ডল



ওরে ও ভাঙামন, আবেগে চলে নিজের খাতে
সাধ্যি কী তোর ডিঙা বাইস উল্টো স্রোতে;
তাকিয়ে দেখিস লবণজলে তোরও কিছু স্বত্ব আছে।
ওরে ও ভাঙামন, এ শহর জানে মধ্যরাতের ফুটপাথে
গল্পকথা আড় ভাঙে মধ্য ঘুমের শৈশবে,
ভাবনা ভাবিস তোরই একার দুঃখঘুমের স্বপ্ন আছে।
ওরে ও ভাঙামন, তোর চশমার ওই ধুলোর ঝড়ে
জানিস যত তোর অবদান জেগে থাকে,
জানবি তত বৃষ্টিতে তার অন্য আদর মিশে আছে।
ওরে ও ভাঙামন, তোর নিজস্বতার বিশুদ্ধতায়
সুরের কিছু ওঠানামায় ছন্দ যে গান গাইতে পারে,
মনটা তোর ভাঙাই থাক, এমন বাসতে ভালো কজন পারে॥




     ©   অয়ন মণ্ডল

" পথের গভীরে " - অয়ন মণ্ডল



প্রাণপ্রাচুর্য্যের স্মৃতি হাঁটে সরণিল ধার ধরে
চুপচাপ, আনমনা বাতাস সঙ্গী;
কিছু টান সে পিছু হাঁটে ধীর লয়ে
দূরত্ব বর্তমানের সাথে;
পথের দূরত্বে আবেগ ঘনীভূত-
ভেজে আবেগের লবণাক্ত জলে;
কল্পনীয় বেদনা অকল্পনীয়তার স্বাদ পায়,
অকস্মাৎ দুর্যোগে যদিও জানালা বন্ধ
বৃষ্টির ছাঁট তবু বাইরেটা ভেজায়॥

                                        
                                         
                                                                         ©   অয়ন মণ্ডল

সোমবার, ১০ জুলাই, ২০১৭

" বেলাশেষে " - অয়ন মন্ডল


      গোছগাছ পর্বটা প্রায় সেরেই ফেলেছেন অনিমেষবাবু। চশমাটা ডেস্কে রেখে নির্নিমেষ তাকিয়ে রইলেন জানালার ওপারে, কিছু যেন ধাক্কা দিচ্ছে। ওখানের জল-হাওয়া কেমন সেটাও ভাবতে হচ্ছে। অভিরুপ এবং বৌমা দুজনেই অবশ্য আশ্বস্ত করেছে। তবু এখানকার বন্ধুদের ভোলা সম্ভব না তাঁর পক্ষে, তা সে যতই বৃদ্ধাবাস হোক।
—- "ওষুধগুলো নিয়েছো?" মাধবীদেবীর প্রশ্নে সম্বিৎ ফেরে তাঁর।
—- "হ্যাঁ, নিলাম তো।"
—- "থাক!! যা অগোছালো তুমি, কিভাবে যে তোমার বউ মানিয়েছিলো তোমার সাথে কে জানে!!"
—- "হ্যাঁ সবই ওর গুণে। সহমত হন অনিমেষবাবু।
 মাধবীদেবীর সাথে এখানেই আলাপ অনিমেষবাবুর। বেশ মিষ্টি, নরম গোছের এবং গোছানো। মধ্য সত্তরের তারুণ্য হার মানে মাধবীদেবীর কাছে, বয়সের তেমন ফারাক নেই বলেই হয়তো। ছেলে-বৌমার তাঁকে এখানে রেখে যাওয়ার দিনটা এখনো মনে করতে পারেন অনিমেষবাবু। চোখটা ভিজে ওঠে। আজ তারাই...... !!! তবু তাদের কাছে ফেরাটা যেন গৌণ আজ। আনন্দটাও ফিকে।
        সবাই অপেক্ষারত বিদায় জানাতে। সবাইকে বিদায় জানিয়ে এলেন মাধবীদেবীর কাছে। চোখে ধরে রাখা জলটা এতক্ষণে নদী হলো। কিছু নীরব অভিব্যক্তি কথা বলতে চাইল যেন।
ওদের কাউকে আসতে মানা করেছেন। নিজেই যাবেন, একা। স্টেশনে পৌঁছাতে ঘন্টাখানেক।
  পৌঁছে অনভ্যাসের ফোনটায় একবার হাত বুলোলেন বেঞ্চিতে বসে।
"জন্মদিনে উপহার দিয়ে ব্যবহার করাটাও শিখিয়েছিল মাধবী", মনে মনে বললেন তিনি।
"আবার একবার নিশ্চয়ই দেখা হবে" হঠাৎ একটা মেসেজ মাধবীদেবীর।
রাজধানী এক্সপ্রেসটা বেরিয়ে যাচ্ছে স্টেশন ছেড়ে। বেঞ্চিতে বসে তার দিকে তাকালেন অনিমেষবাবু, মনে বাজছে "আবার একবার নিশ্চয়ই দেখা হবে।"
"সারা জীবনের জন্য" অস্ফুটে বললেন তিনি।



                                                                 - অয়ন মন্ডল

" বিভেদ " - অয়ন মণ্ডল


আসন্ন রাত, বাজে গুঞ্জনের প্রহর,
গুঞ্জন নয় ঠিক, প্রেমের ষড়যন্ত্র ;
সংক্রামিত বাতাস ভালবাসার রূপে,
মৃত্যুবরণে রাজি আমি এমন পবিত্র রোগে।
চক্রান্তের গন্ধ যদি, ব্রুটাস যদিওবা হয়,
আমি জুলিয়াস, এক জীবন্ত অধ্যায়।
নয় বীভৎসতা, জানি প্রেমের ফুলেই মালা ;
ছিঁড়োনা পাপড়ি, কষ্টে গড়ে তোলা।
এ সাম্রাজ্যে সম্রাট আমি, রইব অমর হয়ে;
তুমি হোয়ো বেগম ধর্মান্তরিত হয়ে।

   
                
                           - অয়ন মণ্ডল

" তোর সুর " - অয়ন মণ্ডল


আমার সুরে গান নাই'বা হলি,
তোর সুরে গাইতে আমায় নিস।
যত্নে আমি গাইব ইচ্ছেতে তোর;
রাগের প্রকোষ্ঠে অভিমান, আঁধার করে ভোর।
শুধু থাকবে ভালোবাসা,না হয় ছড়িয়ে ছিটিয়ে
করে নিস একজোট আদরের আবদারে।
আকাঙ্খা কিছু বাস্তবের আশায়, ব্যস্ত দিনক্ষণ ;
তোর অনুভূতি চড়া সুরে বাঁধা, কাঁদে পঞ্চম।


                                 


                                  - অয়ন মণ্ডল

" রাতের অতিথি " - অয়ন মণ্ডল


গভীর রাতের অতিথি তুমি যেন আততায়ী;
হত্যা তোমার কল্পনায়, আমি পরিযায়ী।
খুঁজছো আমায় ঘরে যত্নে পরিপাটি;
মৃত্যু শ্রেয় তোমার হাতেই, চেষ্টা নেহাতই চেষ্টা,
কোরোনা হত্যা; এসো এই অবকাশে
করি আলাপ-পরিচয় ছাপোষা এই মধুমাসে।
দাঁড়িয়ে আছি যেন মূর্ত প্রতীক হঠাৎ
তীর বেঁধা, সইব আঘাত হয়তো হয়ে বোবা।
মাধুর্য্য তোমার এহেন করি হত্যা তুলনা,
যদিওবা করো হত্যা কখনও ফিরতে ভুলোনা॥

                                  

                                  - অয়ন মণ্ডল