আমার মুঠোয় তোর হাতটা
পরেও থাকবে তেমনি ধরা,
যেমন থাকে মেঘের বুকে
চাঁদের কণা আড়াল করা।
আমার রাতের আকাশটাতে
থাকিস হয়ে সন্ধ্যাতারা-
ভোরেরবেলায় ডাকব যখন
আসবি সেজে শুকতারা।
বিকেলবেলায় একলা উদাস
থাকব যখন আনমনায়;
তোর হাতের ছোঁয়ায় চল না নিয়ে
সাগর পাড়ের রূপকথায়।
থাকুক পড়ে হিসেব-নিকেশ,
হাট-বাজারের দামাদামি-
ডুব সাঁতারে প্রেমের আকর
চল না তুলি- তুই আর আমি।
থাক না বধুঁ আমার হয়ে,
তোর হাতটা থাকুক মুঠোয় ধরা;
যেমন থাকে আগুনশিখা
দীপের বুকে আড়াল করা॥
-- সুফি রায়








0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ , খুব শীঘ্রই আপনাকে উত্তর দেওয়া হবে :-)