[ অযথা বিনয় নয়। আসলে, বৈষ্ণব কবিতা লেখার কোন যোগ্যতাই আমার নেই। সে চেষ্টা করার মত দুঃসাহসীও নই। তবু মনের খেয়ালে কলম চলেছে। বৈষ্ণব কবিদের সাথে তুলনা না করেও যদি মতামত দেন, ভালোলাগবে। ]
আমার হিয়ার মাঝে ব্যাথা বাজে
তোমার বাঁশির করুণ সুরে,
তোমার প্রেমের স্রোতেই মন ভাসালেম
তোমার সুরেই আমার কপাল পুড়ে।
আমার ব্যাকুল মনের যত কথা
সদাই যেন তোমায় খুঁজে;
আমার সাধন-ভজন চুলোয় গেল
কালাচাঁদের চরণ পূজে।
আমার মনের নাগর,প্রাণের সখা-
কিসের লাগি কান্দাও এমন?
অভিমানে রাই যে পুড়ে
পঞ্চদীপে কর্পূর যেমন।
আন্ধার হল সুয্যি ডোবে-
আমার মনেও আন্ধার করে;
আমি কুঞ্জতলে প্রহর গুনি
মদন চলে সতীন ঘরে।
সতীন পুরে বাতির আগুন,
সেই আগুন মোর হৃদয়ে ধরে;
শ্যামের বুকে সোহাগ-নিশান
রাধার বুকে রক্ত ঝরে।
রাই কহে,আমি প্রাণের বেদন বোঝাই কারে
কানুই যখন আঘাত করে-
কালার প্রেম যে বিষম-ফাঁদ
মরেছি পীরিতি জ্বরে॥
-- সুফি রায়








0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ , খুব শীঘ্রই আপনাকে উত্তর দেওয়া হবে :-)