রবিবার, ৯ জুলাই, ২০১৭

" অথ: মুদ্রা কথা " - সুফি রায়

শোনো শোনো বন্ধুগণ শোনো দিয়া মন।
এক অদ্ভুত মুদ্রাকথা কহিব এখন॥
এক যে ছিল রাজা, তাঁর নব অভিষেক।
"মোর রাজ্যে সবে সুখ-শান্তি পাইবেক"॥
সেই মতো করে কাজ ভাবিয়া-চিন্তিয়া।
একদিন দিল রাজা ঢ্যাঁড়া পিটাইয়া॥
"শুন শুন রাজ্যবাসী শুনহ সকল।
স্বর্ণ-রৌপ্য ইতি আদি মুদ্রারা অচল॥
যে করে তোলাবাজি, রাহাজানি, প্রতারণা।
চলিবে না আর তাহাদের মন্ত্রণা॥
কোনমতে তাহারা না পাইবে উদ্ধার।
রাখিব সুনীতি আর দুর্নীতি সংহার॥
নতুন দিবস হতে এ রহিল ঘোষণ।
যা হয় উচিত কার্য করহ এখন"॥
এমত শুনিয়া সবে ছুটে কোষাগারে।
"যা আছে সঞ্চয় সব আনি রাখি ঘরে"॥
সবে ভাবে এইমত, কোষাগারে ঠেলাঠেলি।
না পাইল সবে তঙ্কা দেয় গালাগালি॥
টাকার কুমীর যত আকুলি-বিকুলি।
উড়িল রাতের ঘুম অন্নজল ভুলি॥
"রাশি রাশি ধনরাশি কেমনে উদ্ধারি।
কত যত্ন করি আমি তুলিলাম গড়ি"॥
কেহ কয়,"দশ বর্ষ বেসাতি করি।
বিকাই-খরিদ আনি শিশু আর নারী॥
এই মতে করিলাম লক্ষ দুই হাজার।
এখন কেমনে করি ইহার সৎকার"॥
কেহ কয়,"ছিলাম সুখেতে বেশ করিয়া কারবার।
এখন কীমতে করি দেহাংশ পাচার"॥
আর বলে,"এতকাল জমা ছিল খাজনা।
মনে বুঝি এইসব মোটে ভালো কাজ না"॥
মহাজন চড়া হারে সুদ লইত যত।
ঘোষণা শুনিয়া নিজের চুল ছিঁড়ে তত॥
ঘুষখোড় ঘুষ খায় এহাতে বা দুহাতে।
এখন আকাশ পড়ে ভাঙিয়া মাথাতে॥
টাকার শোকেতে সবে করে গালাগালি।
"কী করিলি পাগলা রাজা,তোর মুখে কালি"॥
শুনি রাজা শুধু হাসে থাকে নিরুত্তর।
নির্ধন কয়,"ক্ষতি কী,মোদের কীবা ডর॥
না জানি কী সুখ,তবু না করি বিবাদ।
না পাইনু রতন,তবু না মানি বিষাদ॥
খেটে খাই,আর কভু নাই বা খাই।
যবে যাহা পাই, শুধু সেইটুকু খাই॥
ক্ষুধার তাড়না এ যে বড় বিসম্বাদ।
তবু না হইনু পাপী, দেখ গণনাথ॥
আনিও সাম্যাবস্থা করিও বিচার।
সবে যেন একমতে পারি বাঁচিবার"॥
গরীব রাখিল আশা সুদিনের তরে।
রাজায় ফেলিল ঘুঁটি সেই মত করে॥
দুনিয়ার এই রীতি যেবা ধনবান।
তাহারই চাহিদা হয় পাহাড়-প্রমাণ॥
যেবা খায় পরিমিত, ন্যূন আহার।
সেই করে পাপ-পুণ্য বুঝিয়া বিচার॥
এইমত মুদ্রাকথা করিনু বর্ণন।
এবে মোর মুদ্রাকথা হয় সমাপন॥

                                            

                   - সুফি রায়

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ , খুব শীঘ্রই আপনাকে উত্তর দেওয়া হবে :-)